চট্টগ্রামে খনন কাজ করতে গিয়ে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে নগরের হালিশহরের আগ্রাবাদ এক্সেস রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– রাকিব ও তুষার (২২)। আহতরা হলেন– সাগর ও এরশাদ। তাদের বাড়ি দিনাজপুর জেলায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, চায়না হাইড্রো কোম্পানির অধীনে সুয়্যারেজ পাইপলাইনের চলমান মাটি খনন কাজের সময় হঠাৎ ধসেপড়া মাটিতে শ্রমিকরা চাপা পড়েন। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে ভোর পৌনে ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন।