রাজধানীর মোহাম্মদপুরে একটি গির্জা থেকে ৭০ কেজি ওজনের চুরি হওয়া একটি ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনগত রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোড এলাকায় একটি ডাস্টবিনের পাশ থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
তিনি বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।
ওসি আরও বলেন, বুধবার রাতে গির্জা থেকে একটি পিতলের ঘণ্টা চুরি হয়েছিল। এরপর এ ঘটনায় একটি মামলা হয়। মামলার পর বৃহস্পতিবার রাতে ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা পলিথিন ব্যাগে মোড়ানো চুরি যাওয়া ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ওসি আব্দুল হালিম আরও বলেন, চুরির পূর্বে সিসিটিভি রেকর্ডিং বন্ধ হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের অন্যান্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও চুরির সঙ্গে জড়িতদের শনাক্তকরণ ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার পর মোহাম্মদপুরের ৯২ আসাদ এভিনিউয়ে (ওয়াসা ভবনের সামনে) অবস্থিত ‘সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ’র দ্বিতীয় তলার ফাঁকা জায়গায় রক্ষিত ঘণ্টাটি চুরি হয়। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় চার্চের সংশ্লিষ্ট ব্যক্তি একটি মামলা করেন।