জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ও দেশকে সুজলা সুফলা শষ্য শ্যামলা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খাল খনন কর্মসূচি বন্ধ থাকায় ক্রমান্বয়ে খাল ভরাট হয়ে যাওয়া, বৃষ্টির পানি নিষ্কাশনে ব্যঘাত, শুষ্ক মওসুমে পানি শূন্যতা, জীব বৈচিত্র্য নষ্ট ও পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নে ভর বিল হতে কাটাখালি বাজার শিবনগর, বুড়িঝুড়ি, আতকাপাড়া হয়ে আনছা বিল পর্যন্ত খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার ৩১ দফা সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করেন। খাল খনন কর্মসূচি সফল হলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি এদেশ আবার সুজলা সুফলা শষ্য শ্যামলায় পরিণত হবে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা–২ (সদর–বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
পরে প্রধান অতিথি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অন্য অতিথিদের নিয়ে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, পিআইসির মাধ্যমে ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৭ কিলোমিটার খাল খনন করা হবে।
ফয়সাল চৌধুরী/এজে/দীপ্ত সংবাদ