ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর ফেনীর ঈদ বাজার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দিন যত গড়াচ্ছে ততই ঈদ কেনাকাটায় ভিড় বাড়ছে। শহরের নামি–দামি ফ্যাশন হাউস ও শপিংমলগুলোর পাশাপাশি মার্কেট ও ছোট–বড় শপিং দোকানে বাড়ছে ক্রেতা সমাগম।

সরেজমিন শপিংমল ও ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেছে, ঈদ সামনে রেখে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের বিভিন্ন ব্র্যান্ড হাউজ ও মার্কেটগুলোতে ব্যবসায়ীরা সাজিয়েছেন নতুন নতুন পোশাকের পসরা। ক্রেতাদের আকৃষ্ট করতে নানা ডিজাইন ও রং–বেরঙের পোশাক নিয়ে প্রস্তুত বিক্রেতারা।

থেমে নেই ক্রেতারাও। পছন্দের পোশাক বেছে নিতে এসব দোকানে পরিবার–পরিজন নিয়ে ভিড় জমাচ্ছেন তারা। পছন্দের পোশাকের সঙ্গে মিলিয়ে অনেকে কিনছেন জুতা।

পছন্দের পোশাক কিনতে বাবা– মায়ের হাত ধরে মার্কেটে আসছে ছোট্ট শিশুরাও। এতে ক্রেতা–বিক্রেতাদের হাঁকডাকে মুখর ঈদের বাজার।

ফেনী শহরের এফ রহমান এসি মার্কেট, গ্র্যান্ড হক টাওয়ার, শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান, ফেনী গার্ডেন সিটি, ফেনী সুপার মার্কেট, সওদাগর পট্টি, দর্জি পট্টি, জগন্নাথ বাড়ী রোড, গ্রীন টাওয়ার, রহমান মার্কেট, জেবি রোড, গুলশান মার্কেট, আলী আহম্মদ টাওয়ার, শহীদ শহীদুল্লা সড়কের সূচনা সেন্টার, তমিজিয়া মার্কেট, ফেনী সেন্টার সহ ছোট–বড় মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় ক্রমেই বাড়ছে।

তবে ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বছরের চেয়ে এ বছর ক্রেতার সংখ্যা অনেক কম। ক্রেতা উপস্থিতি হলেও বেচাবিক্রি আশানুরূপ নয়। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে ক্রেতা ভিড়ের পাশাপাশি বিক্রিও বাড়বে বলে তাদের আশাবাদ।

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, ক্রেতা সাধারণের নিরাপত্তায় বড় বাজার সহ বিভিন্ন স্থানে জেলা পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ মোতায়েন রয়েছে।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, ঈদ বাজারের যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে পোশাকে এবং সিভিলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More