বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক ফাস্ট বোলার রুবেল হোসেন। এর মাধ্যমে তিন ফর্মেটে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পর্যায়ে এক দশকেরও বেশি সময় জুড়ে বিস্তৃত একটি ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

বুধবার (১৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে রুবেল তার অবসরের সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজের ক্যারিয়ার নিয়ে দীর্ঘ চিন্তাভাবনার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টিটোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালাম।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া আসরে খেলা চালিয়ে যাবেন রুবেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।’

ক্যারিয়ার জুড়ে যারা তাকে সমর্থন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রুবেল বলেন, “আমার পরিবার, বন্ধু, গণমাধ্যমকর্মী এবং ভক্তদের ধন্যবাদ। আমি বিশ্বাস করি, আপনারা সারাজীবন আমাকে আপনাদের পাশে রাখবেন। সবার জন্য অনেক ভালোবাসা।”

সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছেন রুবেল।

ক্যারিয়ার জুড়ে রুবেল ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে ও ২৮টি টি২০ ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ১৯৩টি আন্তর্জাতিক উইকেট আছে তার ঝুলিতে। এর মধ্যে টেস্টে ৩৬টি, ওয়ানডেতে ১২৯টি ও টি২০তে ২৮টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে তার সেরা বোলিং ফিগার ২৬ রানে ৬ উইকেট।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More