দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

কুষ্টিয়ায় চাল রশিদের বাড়িতে দুর্বৃত্তদের গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুষ্টিয়ায় চাল রশিদের বাড়িতে দুর্বৃত্তদের গুলি

বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদের ৩ তলা বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৯ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া জেলা শহরের গোশালা সড়কে অবস্থিত ঐ বাড়িতে ঘটনাটি ঘটেছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে বাড়িটির সামনের অংশে লাগানো একটি কাঁচের প্রাচীর ভেঙে যায়। আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও রশিদ গ্রুপের চেয়ারম্যান। কুষ্টিয়াসহ কয়েকটি জেলায় তার একাধিক চালকল ও শিল্প প্রতিষ্ঠান রয়েছে।

এদিকে ঘটনার পর খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সময় আব্দুর রশিদ খাজানগর এলাকায় অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। খবর পেয়ে বাড়িতে আসেন। গোশালার ঐ বাড়িতে তিনি স্বপরিবারে বসবাস করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালো রঙের একটি বাইকে করে দুই ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় এসে বাড়ির সামনে দাড়িয়ে গুলি করে দ্রুত স্থান ত্যাগ করেন। মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরিধান করায় কাউকে চিনতে পারেনি তারা।

ব্যবসায়ী আব্দুর রশিদ জানিয়েছেন, আমার ভাতিজা জিহাদুজ্জামান জিকু কুষ্টিয়ার আইলচারা হাটের টেন্ডার ক্রয় করেছে। সে এর আগেও এই হাটের ইজারাদার ছিলেন। এবার হাটের টেন্ডার ক্রয় করাকে কেন্দ্র করে সপ্তাহ খানেক আগে আমাকে ও আমার ভাতিজাকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়। প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

জিহাদুজ্জামান জিকু জানান, ‘সম্প্রতি কুষ্টিয়া সদর উপজেলায় বেশ কয়েকটি বড় হাটের ইজারা আহ্বান করা হয়েছে। এর মধ্যে আইলচারা পশুর হাটের দরপত্র কেনা হয়েছে। এই হাটের দরপত্র উত্তোলন করায় চরমপন্থী সংগঠনের পরিচয়ে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি আমলে না নিয়ে দরপত্র জমা দেওয়ার প্রস্তুতি চলছে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু চাচা (রশিদ) আমাদের প্রধান অভিভাবক। তাঁর পরামর্শেই ব্যবসা–বাণিজ্য করা হয়। তাঁর বাসায় গুলির ঘটনাটি দরপত্র কেন্দ্রিক বলে মনে করছি। এতে বিএনপির মধ্যে থাকা বিপথগামী কয়েকজন নেতাও জড়িত থাকতে পারেন।’ জিহাদুজ্জামান জিকু বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক।

ঘটনাস্থল উপস্থিত কুষ্টিয়া মডেল থানার ওসি মশাররফ হোসেন বলেন, গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। গুলির খোসা জব্দ করা হয়েছে। গুলিটি ভবনের তৃতীয় তলার কাচ ভেদ করেছে। তবে ওই তলায় কোনো বাসিন্দা থাকে না। পুরো বিষয়টি নিয়ে পুলিশের একাধিক দল ইতিমধ্যে কাজ শুরু করেছে।

আল