‘কারও স্ক্রিপ্টই মিলছে না’, বাংলাদেশের ম্যাচ দেখে অশ্বিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানেই ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে অলআউট হয়েছিল বাংলাদেশ। কিন্তু ডারউইনের মূল টেস্টে বদলে গেল দৃশ্যপট।

প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানেই ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে অলআউট হয়েছিল বাংলাদেশ। কিন্তু ডারউইনের মূল টেস্টে বদলে গেল দৃশ্যপট। রীতিমতো প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে টাইগাররা। যার ফলশ্রুতিতে বাংলাদেশের দুটি রূপ মেলাতে পারছেন না অনেকেই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না বলে ভবিষ্যদ্বাণী করা মানুষের সংখ্যাও কম নয়। কিন্তু ২৩ বছর পর দেশটিতে টেস্ট খেলতে নামা সফরকারী দলটি দুই দিনেই চালকের আসনে।

টাইগারদের এমন দাপুটে পারফরম্যান্স দেখে মুগ্ধ সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

সামাজিক মাধ্যমে এক্সে অশ্বিন লিখেছেন, ‘ডারউইনে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশ, যা কারও স্ক্রিপ্টের সঙ্গেই মিলছে না।’

তিনি আরও লিখেন, ‘উষ্ণ আবহাওয়ার প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়া থেকে প্রথম টেস্টের প্রথম দুই দিন দাপট দেখানোএটা সত্যিই অসাধারণ ঘুরে দাঁড়ানো। এই ফরম্যাট দীর্ঘ সময় বেঁচে থাকুক।’

মারারা স্টেডিয়ামের ড্রপইন পিচে প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। হাসান মাহমুদ একাই নেন ৬ উইকেট। সেই মোমেন্টাম এগিয়ে নিয়ে গেছেন ব্যাটাররা। তানজিদ তামিম ১০১, নাজমুল হোসেন শান্ত ৮৪ এবং মুমিনুল হক ৪৯ রান করেছেন। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১, লিড ১৫৩ রান।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More