কাবিননামায় আগের বিয়ে-সন্তানের তথ্য দিতে হাইকোর্টের রুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নতুন বিয়ের ক্ষেত্রে কাবিননামায় বরকনের আগের বিয়ে, বিদ্যমান বিয়ে, সন্তান ও জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ বাধ্যতামূলক করার বিষয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ বিষয়ে রুল দেন।

রুলে ওই সব তথ্য উল্লেখ করতে কাবিননামার সংশ্লিষ্ট ফরম সংশোধন ও হালনাগাদে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং ফরমটি সংশোধন ও হালনাগাদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিট আবেদনকারীর আইনজীবী শেখ ওমর শরীফ। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গত ২৫ আগস্ট রিটটি করেন।

সোমবার আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ, তার সঙ্গে ছিলেন আইনজীবী তানজিলা রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।

রিট আবেদনকারী আইনজীবী মতে, পুর্ব বিয়ে সন্তান তালাকসহ গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে পরবর্তী বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ থাকায় প্রতারণা ও পারিবারিক বিরোধ সৃষ্টি হচ্ছে। এতে বিয়ের সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তির স্বাধীন ও পূর্ণাঙ্গ তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যমান স্বামীস্ত্রী ও সন্তানদের অধিকারও ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More