দীপ্ত নিউজ
বাংলাদেশ

অনুমোদন জটিলতায় ১ নভেম্বর সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অনুমোদন জটিলতায় ১ নভেম্বর সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ
ছবি: সংগৃহীত

পর্যটন মৌসুম শুরু হলেও দাপ্তরিক অনুমোদন জটিলতায় আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না বলে জানিয়েছেন পর্যটকবাহী জাহাজ মালিক সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সী ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব) এর সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।

হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হলেও জাহাজ চলাচলের জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরসমূহের অনুমোদন পেতে দীর্ঘসূত্রিতার কারণে আগামী ১ নভেম্বর থেকে তা চালু করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, চলতি মৌসুমে সেন্টমার্টিন যাতায়তের জন্য নৌ–পরিবহন অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরের কাছ থেকে ৩ টি জাহাজ চলাচলের অনুমোদন দেয়া হয়েছে। আরও ৭ টির জন্য আবেদন জানানো হয়েছে। এরইমধ্যে অনুমোদনপ্রাপ্ত জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রাখাও হয়েছে। এ বছর থেকে জাহাজ চলাচলের জন্য সরকার পরিবেশ অধিদফতর থেকে ছাড়পত্র নেয়া বাধ্যবাধতামূলক করেছে।

সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। ফলে দ্বীপে ভ্রমণের জন্য প্রস্তুতি নেওয়া পর্যটকদের জাহাজ চলাচল শুরুর অপেক্ষায় থাকতে হচ্ছে।

সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, পরিবেশ–প্রতিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেন্টমার্টিন ভ্রমণে সরকারের জারি করা শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে পর্যটনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি জানান, সেন্টমার্টিন ভ্রমণে সরকারি শর্তের ব্যত্যয় ঠেকাতে ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের নিবন্ধনের জন্য ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় পরিচালিত ওয়েবসাইট খুলে দেওয়া হবে।

সম্প্রতি কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্ট এবং শহরের সুগন্ধা পয়েন্টে দি সি প্রিন্সেস হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের সভাপতিত্বে সভায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসন ও পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।