ঝিনাইদহে জেলা ছাত্রদলের সাবেক সভাপতির দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপি সূত্রে জানা গেছে, এর আগে একই মামলায় জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরের ‘ফ্যামিলি জোন‘ কমিউনিটি সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল দলটি। সেই সংবাদ সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথেই কমিউনিটি সেন্টারের সামনে থেকে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ওই সংঘর্ষের ঘটনায় ২২ মে রাতেই এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২৩ জনকে আসামি করে একটি মামলা করেন।
এর পরদিন, ২৩ মে সকালে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল কবির বাদী হয়ে পাল্টা মামলা দায়ের করেন। এই মামলায় এনসিপি নেতা তারেক রেজাসহ ২২ জন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়।