শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত তা বিবেচনা না করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে যে দেশগুলো বাংলাদেশকে সহযোগিতা করবে তাদের সঙ্গেই কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২ জুন) সকালে গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক ভিডিওচিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেন, ‘কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত তা আমার দেখার দরকার নেই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে আমি তাদেরকে নিয়ে চলব। সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি।’

বাংলাদেশকে আত্মমর্যাদা নিয়ে চলতে হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, কারো সঙ্গে যুদ্ধ চাই না। সবার সাথে বন্ধুত্ব নিয়েই এগিয়ে চলছি।

শেখ হাসিনা বলেন, আমি মনে করি, এ বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। ১৫ আগস্টের পর আমাদের যেভাবে ভিক্ষুক জাতিতে পরিণত করেছে আর যেন এটা না করতে পারে কেউ সেজন্য আমাদের সব সময় সজাগ থাকতে হবে। দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে।

এর আগে প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের হাতে সম্মাননাপত্র, ক্রেস্ট এবং আর্থিক পুরস্কার তুলে দেন।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।