ইসলামী আন্দোলনের অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের যেকোনো সংবাদ সম্মেলন ও রাজনৈতিক কর্মসূচিতে নারী সাংবাদিকদের শরিয়তসম্মত উপায়ে বা পর্দা মেনে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারী সংবাদকর্মীদের আসন গ্রহণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে ফয়জুল করিম বলেন, ‘আমার কথা হইলো, আমার কোনো বোন যদি আসে, শরিয়তসম্মতভাবে আসবে। আমরা সেটাকে বাধা দিচ্ছি না। আমার কোনো বোন যদি শরিয়তসম্মতভাবে সাংবাদিকতা করেন, আমরা বাধা দিচ্ছি না কিন্তু।

তিনি আরও বলেন, ‘যারা শরিয়তকে মানেন, আমার বোনটারও উচিত, তাদেরকে শরিয়ত মানার ব্যবস্থা করে দেওয়া। পর্দা করে আসবে, পর্দা করে আসবে। আমি শরিয়ত মানি, আমাকে শরিয়ত মানার সুযোগ করে দিতে হবে।’

দলটির নেতা নারীদের সঙ্গে টকশো করতে যান, মহাসচিবসহ অনেকে টকশো করেছেন, সাংবাদিকদের মধ্যে থেকে এমন কথা তোলা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘না, না, এটা ঠিক না। এ তথ্যটাও ঠিক না; মহাসচিব করেন নাই। একটা করছিল; আমরা বাধা দিয়েছি।’

সংবাদ সম্মেলনে সম্প্রতি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকাচট্টগ্রাম লংমার্চ কর্মসূচির কড়া সমালোচনা করে একে ‘দ্বিমুখী নীতি’ বলে অ্যাখ্যা দেন ফয়জুল করিম। সরকারের সংস্কার ও সংকট সমাধানের প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসলামী আন্দোলন আরও সময় দিতে চায় উল্লেখ করে তিনি বলেন, সরকারের প্রতি আন্তরিকতা রেখে এমন লংমার্চের কোনো সার্থকতা নেই।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More