ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জামায়াতের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাওয়া বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের সদস্যদের ওপর একদল দুর্বৃত্তের সংঘবদ্ধ হামলা, হেনস্তা ও কুরুচিপূর্ণ আচরণের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহিলা বিভাগের প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিদেশের মাটিতে একজন নারী শিল্পী ও তাঁর পরিবারের ওপর এ ধরনের সংঘবদ্ধ হামলা, গায়ে ডিমপানি নিক্ষেপ এবং প্রকাশ্যে হেনস্তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য যত গভীরই হোক, তা কাউকে গায়ে হাত তোলা বা প্রকাশ্যে অপমান করার অধিকার দেয় না।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমেরী হক বাঁধন ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমেছিলেন। এমন একজনের ওপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং ভিন্নমত দমনের একটি ভয়ংকর নজির হয়ে থাকবে।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে ইতালীয় প্রশাসনের কাছে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে। একই সঙ্গে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসকে অবিলম্বে বাঁধন ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি অভিনেত্রী বাঁধন ও তাঁর পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, নারীর মর্যাদা ও নাগরিক নিরাপত্তার প্রশ্নে জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার থাকবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More