আগামী ৫ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই ‘প্রধানমন্ত্রী‘ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি মো. আমির হামজা।
শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া (ভাইরাল) একটি ভিডিওতে নিজ সংসদীয় এলাকার জনসাধারণের উদ্দেশে দেয়া এক বক্তব্যে তাঁকে এই মন্তব্য করতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, স্থানীয় জনগণের সামনে আমির হামজা নিজের সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ডের প্রক্রিয়া নিয়ে কথা বলেন।
মো. আমির হামজা বলেন, আগামী ৫ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোন ফেরেশতার হাতে দেবে?
তিনি আরও বলেন, ফেরেশতারা কি বলে? আর মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।
প্রসঙ্গত, কুষ্টিয়া ৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার নিয়ে বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে সংসদ সদস্য আমির হামজার মধ্যে টানাপোড়েন চলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, তার প্রেক্ষিতে সংসদ সদস্য আমির হামজা এমন মন্তব্য করেছেন।
এসএ