দীপ্ত নিউজ
খেলা

আইভরিকোস্টকে হারিয়ে নকআউট নিশ্চিত করল জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আইভরিকোস্টকে হারিয়ে নকআউট নিশ্চিত করল জার্মানি
জার্মানি

ফিফা বিশ্বকাপে ‘ই‘ গ্রুপের তৃতীয় ম্যাচে আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়েছে জার্মানি। শনিবার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ ‘ই’–এর ম্যাচে আইভরিকোস্টকে হারিয়ে দীর্ঘ ১২ বছর পর নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ৩০তম মিনিটে অধিনায়ক ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরিকোস্ট। দীর্ঘ সময় পর্যন্ত সেই লিড ধরে রেখে জার্মানিকে চাপে রাখে আফ্রিকার প্রতিনিধিরা। তবে দ্বিতীয়ার্ধে কোচ ইউলিয়ান নাগলসমানের কৌশলগত পরিবর্তন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

৬০ মিনিটে একসঙ্গে তিনজন খেলোয়াড় বদলি করেন নাগলসমান। বদলি হিসেবে মাঠে নামা দেনিজ উনদাভ হয়ে ওঠেন ম্যাচের নায়ক। ৬৮তম মিনিটে নাদিম আমিরির পাস থেকে গোল করে জার্মানিকে সমতায় ফেরান তিনি। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও জালের দেখা পেয়ে জার্মানির জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।

আইভরিকোস্টও বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। বিশেষ করে ৮৮তম মিনিটে সাইমন আদিংরার সামনে ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। সেই সুযোগ হাতছাড়া হওয়ার মাশুল শেষ পর্যন্ত হারে গুনতে হয়েছে দলটিকে।

এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’–এর শীর্ষে অবস্থান করছে জার্মানি। অন্যদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আইভরিকোস্ট। একই গ্রুপে থাকা ইকুয়েডর ও কুরাসাও এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

এদিকে ম্যাচটিতে মাঠে নেমে বিশ্বকাপ ইতিহাসে গোলকিপার হিসেবে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন জার্মান কিংবদন্তি ম্যানুয়েল নয়্যার। পাশাপাশি বিশ্বকাপে পিছিয়ে পড়েও সর্বাধিক ১৬টি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ব্রাজিলকেও ছাড়িয়ে গেছে জার্মানি।