বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।

আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ৮৬ রানে জিতেছিল টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে মেহেদি হাসান মিরাজের দল। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন কেবল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাকী রইল বাংলাদেশের।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে এই নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ জিতল বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২১ সালের আগস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহেমেদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম ওভারের চতুর্থ বলে অসি ওপেনার ম্যাথু শর্টকে বোল্ড করেন তাসকিন। চার বল খেলেও রানের খাতা খুলতে পারেননি শর্ট।

পরের ওভারে জোড়া উইকেট তুলে নেন মুস্তাফিজ। ওভারের প্রথম বলে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন অস্ট্রেলিয়ার আরেক ওপেনার কুপার কনোলি।

একই ওভারের শেষ বলেও লিটনকেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ম্যাট রেনশ। শর্টের মতো কনোলি ও রেনশও খালি হাতে থামেন। শূন্য রানে ৩ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে অস্ট্রেলিয়া।

নিজেদের ক্রিকেট ইতিহাসে এক হাজারের বেশি ওয়ানডে খেলা অস্ট্রেলিয়া এর আগে কখনো শূন্য রানে ৩ উইকেট হারায়নি।

২ ওভার শেষে মহাবিপদে পড়া অস্ট্রেলিয়াকে চাপমুক্ত করার চেষ্টা করেন জশ ইংলিশ ও অ্যালেক্স ক্যারি। দুজনে চতুর্থ উইকেটে ৩৪ বলে ২৫ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ক্যারিকে ১৩ রানে শিকার করে জুটি ভাঙেন মুস্তাফিজ। এতে ২৫ রানে চতুর্থ উইকেট পতন হয় অস্ট্রেলিয়ার।

এরপর পঞ্চম উইকেটে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলে অস্ট্রেলিয়াকে ৪৩ রান এনে দেন অধিনায়ক জশ ইংলিশ ও ক্যামেরুন গ্রিন। দলীয় ৮১ রানের মধ্যে ইংলিশ ও গ্রিনকে নিজের শিকার বানান বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। ইংলিশ ৩৪ ও গ্রিন ২৫ রান করেন।

৮১ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়া অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেট। ১১৫ বলে ১০৩ রানের জুটি গড়ার পথে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বার্টলেট।

৪১তম ওভারের দ্বিতীয় বলে বার্টলেটকে বোল্ড করে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন তাসকিন। পরের ডেলিভারিতে নতুন ব্যাটার এডাম জাম্পাকেও বোল্ড করেন তিনি। এতে ১৮৪ রানে অষ্টম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৪টি চার ও ২টি ছক্কায় ৪৮ বলে ৫২ রান করেন বার্টলেট।

নবম উইকেটে লাবুশেন ও নাথান এলিস ৯ বলে ৩ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এ সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান। লাবুশেন ৫৫ ও এলিস ২ রানে অপরাজিত ছিলেন।

বৃষ্টির কারণে ২ ঘণ্টার বেশি সময় নষ্ট হলে, আর ব্যাট করার সুযোগ পায়নি অস্ট্রেলিয়া। ফলে জয়ের জন্য বৃষ্টি আইনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

বল হাতে তাসকিন ৩৩ রানে ও মুস্তাফিজ ২৭ রানে ৩টি করে উইকেট নেন। ৪৫ রানে ২ উইকেট নেন তানভীর।

জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া পেসার জেভিয়ার বার্টলেটকে ফিরতি ক্যাচ দিয়ে খালি হাতে বিদায় নেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম।

এরপর ৮৬ রানের জুটিতে বাংলাদেশকে ভালো অবস্থায় নেন আরেক ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দলীয় ৮৬ রানে সৌম্য ও ৯৮ রানে সাজঘরের পথ ধরেন শান্ত। দুজনই ৪২ রান করে করেন। সৌম্যর ৪৭ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা এবং ৫৩ বল খেলে ৫টি বাউন্ডারি মারেন শান্ত।

এরপর চতুর্থ উইকেটে লিটন দাসকে নিয়ে ২৪ ও পঞ্চম উইকেটে মোসাদ্দেক হোসেনের সাথে ২২ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয়। লিটন ২১ ও আগের ম্যাচের হিরো মোসাদ্দেক ১৫ রানে থামেন।

দলীয় ১৪৪ রানে পঞ্চম ব্যাটার হিসেবে মোসাদ্দেক আউট হওয়ার সময় জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৮৪ বলে ৪৮ রান। ষষ্ঠ উইকেটে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩৬ বল বাকী থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন হৃদয় ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ছক্কা মেরে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন মিরাজ।

৫৫ বলে ২টি চার ও ১টি ছক্কায় হৃদয় অপরাজিত ৪০ এবং মিরাজ ১টি করে চার-ছক্কায় ২২ বলে অনবদ্য ২২ রান করেন।

আগামী ১৪ জুন মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : ১৮৭/৮, ৪২ ওভার (লাবুশেন ৫৫*, বার্টলেট ৫২, মুস্তাফিজ ৩/২৭)।

বাংলাদেশ : ১৯৫/৫, ৩৫ ওভার (সৌম্য ৪২, শান্ত ৪২, হৃদয় ৪০*, গ্রিন ১/৯)।

ফল : বাংলাদেশ বৃষ্টি আইনে ৫ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More