হাম ও উপসর্গে আরও ৬ প্রাণহানি, আক্রান্ত ১,৩৯০

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯০ শিশু।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম–বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে দুই শিশু এবং হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৩৬ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৪০ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১১০ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৮০। এই সময়ে ১ হাজার ১৬০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৮৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ২০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More