
সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এই মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় গাড়িটিতে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান।
এর আগে এ দিন বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী।
সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যাত্রা করেন। ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে, তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১–২০২৬’–এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করা এবং দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করা।
সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট বিশেষ এ মহড়ায় অংশগ্রহণ করে।
মহড়ায় তিন বাহিনীর বিশেষায়িত সদস্যরা সমন্বিত অভিযান পরিচালনা, বিশেষ যুদ্ধকৌশল প্রয়োগ এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় নিজেদের সক্ষমতা প্রদর্শন করেন। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী মহড়ার বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জাম ঘুরে দেখেন। এ সময় তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ এবং সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
২০১৩ সালে স্বর্ণদ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। গত এক যুগের বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।
তবে তিন বাহিনীর বিশেষায়িত স্পেশাল ফোর্সের সমন্বয়ে এধরনের যৌথ মহড়া এবারই প্রথম। সশস্ত্র বাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় জোরদার এবং আধুনিক যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।








