সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এই আদেশ দেন।
খায়রুল হকের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা প্লট বরাদ্দ সংক্রান্ত মোট পাঁচটি মামলা রয়েছে। এই মামলাগুলোতে হাইকোর্ট তাকে জামিন দিলে রাষ্ট্রপক্ষ তা স্থগিতের আবেদন করেছিল, যা আজ আপিল বিভাগ খারিজ করে দিলেন।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
জামিন বহাল থাকলেও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না সাবেক এই প্রধান বিচারপতি। তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে, যেগুলোতে এখনো জামিন মেলেনি।
উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ২০১০–২০১১ মেয়াদে প্রধান বিচারপতি থাকাকালীন সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছিলেন, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৪ জুলাই তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে হত্যা ও জাল রায় তৈরির অভিযোগে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।