
সাত দিনের মধ্যে নিষিদ্ধ রাইফেল জমা দেওয়ার নির্দেশ

আগামী ৭ দিন অর্থাৎ ১৯ আগস্টের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
১৯ আগস্টের মধ্যে পুলিশ ও র্যাবের ব্যবহারের রাইফেল (জনসাধারণের ব্যবহার নিষিদ্ধ) যাদের হাতে রয়েছে তা জমা দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, এ সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১২ আগস্ট) সকালে আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সশস্ত্র বাহিনীর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো লীগ বুঝি না, যে অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা সেগুলো জনসাধারণের হাতে কীভাবে গেল। আমি একটা ভিডিও দেখলাম একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল, এই রাইফেল আর ফেরত আসেনি।
তিনি বলেন, যাদের কাছে অনুনমোদিত রাইফেল আছে তারা আগামী ৭ দিনের মধ্যে জমা দিতে হবে। যদি জমা না দেন তাহলে তাদের বিরুদ্ধে দুইটা চার্জ দেওয়া হবে। অবৈধ অস্ত্র সঙ্গে রাখা ও সরকারি নিষিদ্ধ অস্ত্র রাখা।
আল/ দীপ্ত সংবাদ








