রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করেছে দলটি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলের প্রার্থিতা ঘোষণা করেন। আজ দুপুরের পর নির্বাচন কমিশনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হবে। দলের প্রার্থী হওয়ায় মির্জা ফখরুল ইতিমধ্যে বিএনপির মহাসচিব পদ থেকেও পদত্যাগ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদে ঠাকুরগাঁও–১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্বে ছিলেন। গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর শূন্য হওয়া রাষ্ট্রপতি পদে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।
এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের পক্ষ থেকে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ ইতিমধ্যে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ পর্যন্ত কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে ১৯৯১ সালের পর এই প্রথম রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সংসদে বিএনপির দুই–তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া একপ্রকার নিশ্চিত।