রাজধানীর পল্লবী এলাকায় ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে।
শুনানিতে মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে ক্ষমাপ্রার্থনা আর অন্য আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেছেন।
বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক মাসরুর সালেকীন মামলায় যুক্তিতর্কের জন্য বৃহস্পতিবার (৪ জুন) দিন ধার্য করেছেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ এই তথ্য নিশ্চিত করেন।
আজ বেলা পৌনে ১১টার দিকে সোহেলকে, আর বেলা ১১টার দিকে স্বপ্নাকে হাজতখানা থেকে আদালতে তোলা হয়। বেলা ১১টা ১০ মিনিটে এজলাসে আসেন বিচারক। এরপর শুরু হয় বিচার কার্যক্রম।
আসামি সোহেলের উদ্দেশে বিচারক বলেন, এই মামলায় তাঁর বিরুদ্ধে ১৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এরপর আদালত সোহেলের বিরুদ্ধে আনা অভিযোগ ও সাক্ষীদের সাক্ষ্য পড়ে শোনান। সোহেলের কোনো বক্তব্য আছে কি না, তা জানতে চান আদালত।
সোহেল কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, ‘আমি নির্দোষ স্যার। আমার সাথে যে ছিল ডলার, তাঁরে আপনারা ধরেন। আমি দোষ করি নাই তা না, আমিও দোষ করেছি, ডলারও দোষ করেছে।…আমারে মাফ করে দেন, আমার একটা ছোটো ছাওয়াল আছে।’
এ সময় আসামি সোহেল তাঁর স্ত্রীর বিষয়ে বলেন, ‘আমার বউটা একদম নির্দোষ স্যার।’
পরে আদালত স্বপ্নার উদ্দেশে বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগসহ সাক্ষ্যদের সাক্ষ্যী অনুযায়ী তিনিও একই অপরাধে দোষী। তাঁর কোনো কথা থাকলে তা বলতে বলেন আদালত।
আসামি স্বপ্না আদালতকে বলেন, ‘আমি কিছু করি নাই, আমি নির্দোষ।’
আত্মপক্ষ সমর্থন শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বৃহস্পতিবার (৪ জুন) যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।
এসএ