ব্রাজিলের বিপক্ষে এক হালি গোল খেল ভারত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত।

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত। ‘ব্লু টাইগার্স’দের বিপক্ষে ৪–০ গোলের বড় জয় তুলে নিয়েছে সেলেসাওরা।

শনিবার (৩ অক্টোবর) রাত আটটায় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্টলেক) স্টেডিয়ামে সেলেসাওদের আতিথ্য দেয় ভারত। 

ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে ঠিক চেনা ছন্দে দেখা যায়নি। আক্রমণগুলোতেও তেমন ধার ছিল না। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশেষে এস্তেভাও উইলিয়ানের গোল ব্রাজিল ডেডলক ভাঙে ২৮ মিনিটে।

প্রথম গোলের ঠিক পরপরই ৪২ মিনিটে ফের আঘাত হানে সেলেসাওরা। বক্সের বাইরে থেকে ফরোয়ার্ড পেদ্রোর নেওয়া জোরালো শট ভারতীয় গোলরক্ষকের হাতে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায় (২–০)।

দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল কিছুটা ম্যাড়ম্যাড়ে। তবে ৫৮ মিনিটে আবারও গোল পায় ব্রাজিল। পেদ্রোর অ্যাসিস্টে বক্সের বাঁদিক দিয়ে ঢুকে চিপ শটে ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলের হয়ে এর আগে মাত্র একটি ম্যাচ খেলা স্যামুয়েল লিনো।

এরপর ৬০ থেকে ৮০ মিনিটের মধ্যে কয়েকটি সুযোগ তৈরি করে ভারত। রায়ান উইলিয়ামস ও মানভির সিংরা গোলরক্ষককে অনেকটাই একা পেয়েও সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। শেষ দিকে ব্রাজিল কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ চালায়। ইনজুরি টাইমে বক্সের মধ্যে ভারতীয় দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন লিনো। তাতে ৪–০ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।

ফিফা র‌্যাংকিংয়ে ব্রাজিলের অবস্থান ষষ্ঠ, আর ভারত ১৩৮তম। শক্তিমত্তায় দুই দলের মধ্যে বিস্তর পার্থক্য থাকলেও ব্রাজিলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমে খুব একটা খারাপ করেনি ভারত।

অন্যদিকে, কলকাতার দর্শকদের দারুণ ফুটবল উপহার দিয়ে জয় দিয়ে সফর রাঙাল ব্রাজিল দল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More