আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল ও আর্জেন্টাইন পপ তারকা তিনিতি স্তোসেলর প্রেমের সম্পর্ক এখন বিয়ের দিকে এগোচ্ছে। কাতার বিশ্বকাপের আগ থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন থাকলেও সময়ের সঙ্গে তা আরও গভীর হয়েছে। ইতোমধ্যে ডি পলের সঙ্গে তার বিয়ের প্রস্তুতি শুরুর কথা জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের উদ্দেশে রোমান্টিক বার্তা দিয়ে তিনিতি লিখেছেন, ‘একদিন আমার সেই স্বপ্ন সত্যি হতে শুরু করল, যা আমার ভালোবাসার সঙ্গে আমি বহুবার দেখেছি।’ একই সঙ্গে বাগদানের আংটি পরা ছবিও প্রকাশ করেছেন তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পোশাকের প্রথম ট্রায়াল দিতে প্যারিসে গিয়েছেন তিনিতি। সেখানে নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। পোশাকটি পরার পর ডি পলকে ফোন করে নিজের অনুভূতিও জানিয়েছেন তিনি।
ডি পলও তাকে বলেছেন, জীবনের প্রতিটি দিন তিনি ওই মুহূর্তের স্বপ্ন দেখেন এবং তাকে সুখী করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। যদিও বিয়ের বিষয়টি দুজনের কেউ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাননি।
গত মে মাসে তিনিতির সঙ্গে বাগদানের ঘোষণা দেন ডি পল। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের আংটির ছবিও প্রকাশ করেন তিনি। এরপর থেকেই তাদের বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হয়।
এর মধ্যে আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে ‘পোর এল মুন্দো’ উপস্থাপকের কথোপকথনে একটি সম্ভাব্য তারিখ সামনে এসেছে। সেখানে দাবি করা হয়, তিনিতি ও ডি পলের বিয়ে ১৯ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে পারে।
তবে এই তারিখের বিষয়ে ডি পল বা তিনিতি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। ফলে ১৯ ডিসেম্বরের তারিখটি আপাতত সম্ভাবনা ও জল্পনার মধ্যেই রয়েছে।
পাত্রী কে?
ডি পলের হবু স্ত্রী হিসেবে আলোচনায় থাকা তিনিতি স্তোসেল আর্জেন্টিনার জনপ্রিয় পপ তারকা, অভিনেত্রী ও গায়িকা। ডিজনি চ্যানেলের Violetta সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিচিতি পান। পরবর্তী সময়ে সংগীত ক্যারিয়ারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
অন্যদিকে ডি পল বর্তমানে ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলছেন। তাই তাদের বিয়ে শুধু আর্জেন্টিনায় নয়, ফুটবল ও বিনোদনজগতের ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।