দেশের অলাভজনক ও বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে পুনরায় সচল করতে এবং এ খাতে দেশি–বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে একটি বিশেষ রোড শো অনুষ্ঠিত হয়েছে।
শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ আয়োজনে এই রোড শো–তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এছাড়াও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক, দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা এবং জাপানের খ্যাতনামা বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
দেশের শিল্প খাতের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই রোড শো–তে দেশের শীর্ষ সারির শিল্পগোষ্ঠীগুলোর কর্ণধাররা যোগ দেন। যার মধ্যে প্রাণ–আরএফএল, এসিআই লিমিটেড, ওয়ালটন, মেঘনা, রানার, টি কে, ব্র্যাক, নাবিল, স্কয়ার, ট্রান্সকম, আকিজ ও লাল তীরসহ বিভিন্ন গ্রুপ উল্লেখযোগ্য।