বাংলাদেশে ট্রাম্প সমর্থকদের গ্রেপ্তারের ঘটনা ঘটেনি: সিএ প্রেস উইং

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের গ্রেপ্তার বা দমন অভিযানের কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি।

রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টচেকিং ফেসবুক পেজে (সিএ প্রেস উইং ফ্যাক্টস) দেওয়া পোস্টে এ তথ্য বলা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের গ্রেফতার বা দমন অভিযানের কোনো ঘটনা ঘটেনি। রাজধানী ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে রবিবার আওয়ামী লীগের বেশ কিছু নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দলটির নেতা–কর্মীদের বিরুদ্ধে গণহত্যা, দুর্নীতি ও কোটি কোটি ডলার পাচারের অভিযোগ আছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে উল্লেখ করে প্রেস উইং জানায়, পলাতক আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা তাঁর সমর্থকদের ডোনাল্ড ট্রাম্পের পোস্টার বহন করার এবং গ্রেপ্তারের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেওয়ায় তাঁরা সেগুলো বহন করছিলেন। আটক ব্যক্তিরা পুলিশকে বলেছেন, তাঁরা মার্কিন রাজনীতি অনুসরণ করেন না, শুধু হাসিনার নির্দেশে ট্রাম্পের পোস্টার বহন করেছিলেন।

পোস্টে আরও বলা হয়, আগস্টে অভূতপূর্ব বিপ্লবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কিছু ভারতীয় সংবাদপত্র শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ–অভ্যুত্থান সম্পর্কে আক্রমণাত্মকভাবে ভুল তথ্য প্রচার করছে। তারা বিপ্লবোত্তর দিনগুলোতে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলোকে ব্যাপকভাবে অতিরঞ্জিত করেছে। আওয়ামী লীগ–সমর্থকদের গ্রেপ্তারের ঘটনাও তারা একইভাবে অতিরঞ্জিত করেছে।

খবর: ইউএনবি

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More