চট্টগ্রাম জেলার হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণকালে আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিন’কে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী সিএমএইচ গিয়ে চিকিৎসাধীন ওই আহত কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় সেখানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় হাসপাতালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আহত সেনা কর্মকর্তা ও তাঁর পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে সাহস ও সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত এবং ক্যাপ্টেন মহিউদ্দিন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ ভর্তি করা হয়।
নিহত ২ সেনাসদস্য হলেন– রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের তাসনিম রিফাত এবং নোয়াখালী জেলরা কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবু বকর সিদ্দিক পিয়াস।
দুর্ঘটনায় নিহত দুই সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এসএ