চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে ‘উধাও’ হওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি পৌর আহবায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন প্রবাসী ইব্রাহিম খলিলের বাবা হারুনুর রশিদ।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে শাহরাস্তি মডেল থানায় এ অভিযোগ করেন তিনি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে তার চাচাতো ভাই শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে চলে যান। রহমত উল্লাহ শাহরাস্তি পৌরসভা এনসিপি আহ্বায়ক বলে জানা গেছে।
পরিবার সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে তারা অবগত ছিলেন। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হওয়ার পর শনিবার রাতে তারা দুজন একসঙ্গে চলে যান। এরপর থেকে তাদের মুঠোফোন বন্ধ রয়েছে। ঘটনার পর পরিবারের সদস্যরা তাদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং প্রবাসীর দুই শিশু কন্যা পরিবার সদস্যদের সঙ্গে শাহরাস্তি থানায় উপস্থিত হন।
ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ‘রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের বিষয়টি আমাদের নজরে আসে। বিষয়টি ইব্রাহিমকে জানানো হয়। পরে বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে শনিবার রাতে তারা একসঙ্গে চলে যান।’
এদিকে, মরিয়ম বেগমের শ্বশুর ও অভিযোগকারী হারুনুর রশিদ দাবি করেন, তার পুত্রবধূ বাড়ি থেকে যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসএ