শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
ফ্রান্সিস হালজেন।

২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ান বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস স্টকহোমে এ পুরস্কার ঘোষণা করে।

ফ্রান্সিস হালজেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন–ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি বেলজিয়ামে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে কণা পদার্থবিজ্ঞান, জ্যোতির্পদার্থবিজ্ঞান ও মহাকাশবিজ্ঞানের সংযোগস্থলে গবেষণা করছেন। ১৯৭২ সাল থেকে তিনি উইসকনসিন–ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে কাজ করছেন।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’তে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করার ক্ষেত্রে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে হালজেনকে এ বছর পদার্থবিজ্ঞানের নোবেল দেয়া হয়েছে।

দক্ষিণ মেরুর বরফকে কাজে লাগিয়ে নিউট্রিনো শনাক্ত করার ধারণার অন্যতম পথিকৃৎ হালজেন। তার এই চিন্তাই পরবর্তী সময়ে ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’ তৈরির ভিত্তি তৈরি করে।

প্রায় এক ঘনকিলোমিটার আয়তনের বিশাল বরফস্তরের মধ্যে স্থাপন করা হয়েছে অসংখ্য আলোকসংবেদী সেন্সর। এসব যন্ত্রের সাহায্যে মহাবিশ্বের দূরবর্তী শক্তিশালী বিভিন্ন উৎস থেকে পৃথিবীর দিকে ছুটে আসা নিউট্রিনো শনাক্ত করা হয়।

১৯৮৮ সালে দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে নিউট্রিনো শনাক্ত করার ধারণা সামনে আনেন হালজেন। কোনো নিউট্রিনো যখন পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে সংঘর্ষে জড়ায়, তখন সেখানে ক্ষীণ আলোর ঝলক তৈরি হতে পারে। দক্ষিণ মেরুর স্বচ্ছ ও গভীর বরফে স্থাপিত সংবেদনশীল সেন্সরের সাহায্যে সেই আলোর সংকেত শনাক্ত করা সম্ভব।

গবেষণার জন্য দক্ষিণ মেরুর বরফকে উপযোগী করে তোলে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য। বাইরের নানা ধরনের প্রভাব থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত এই বিশাল বরফস্তর এবং ওই অঞ্চলের ভৌগোলিক স্থিতিশীলতা গবেষণার জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করে। হালজেনের ধারণা তাই পরবর্তী সময়ে অন্য গবেষকদের সমর্থন পায় এবং দক্ষিণ মেরুতে সেন্সর স্থাপনের মাধ্যমে পরীক্ষামূলক কাজ শুরু হয়।

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই বিভাগে ১১৯ বার পুরস্কার দেওয়া হয়েছে।

মাত্র ২৫ বছর বয়সে সবচেয়ে কম বয়সী নোবেলজয়ী হিসেবে পদার্থবিজ্ঞানের পুরস্কার পেয়েছিলেন লরেন্স ব্র্যাগ। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার পাওয়া বিজ্ঞানী আর্থার আসকিন। ২০১৮ সালে ৯৬ বছর বয়সে পদার্থবিজ্ঞানে তিনি নোবেল অর্জন করেন।

 

এসএ