
জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারে না: মামুনুল হক

খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো দলের একক সম্পত্তি নয়, স্বাধীনতার নেতৃত্ব কোনো ব্যক্তির একক ইজারাদারি নয়। দেশের জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারে না।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের ভৈরব হাজী আসমত কলেজ মাঠে এক গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, গণঅভ্যুত্থানের সময় হাজারও ছাত্র–জনতাকে হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাসহ অভিযুক্তদের কঠিন শাস্তি দিতে হবে। হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দ্রুত তাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, হাসিনার পরিবারের লোকজনসহ তার সরকারের মন্ত্রী–এমপিরা ও দলের নেতারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন, বেগমপাড়া বানিয়েছেন। পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে হবে।
আগস্ট আন্দোলন বিফল করা যাবে না, পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে উল্লেখ করে মামুনুল হক বলেন, দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আবু সাঈদ মুগ্ধসহ হাজারও ছাত্র–জনতার রক্ত বৃথা গেলে দেশবাসী আবারও ফ্যাসিবাদের কবলে পড়বে।
আল/ দীপ্ত সংবাদ





