
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

জেল–জুলুম, ষড়যন্ত্র ও নানা রাজনৈতিক প্রতিকূলতা। বাবা ছিলেন দেশের সাবেক রাষ্ট্রপতি, মা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তবুও রাজনীতিতে নিজের পরিচয় প্রতিষ্ঠার লড়াইয়ে পেরোতে হয়েছে দীর্ঘ ও বন্ধুর পথ।
সেই পথচলা তাঁকে নিয়ে এসেছে দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে। তিনি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ ২০ নভেম্বর (শুক্রবার), প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন। ৬১ বছর পূর্ণ করে ৬২ বছরে পা রাখছেন তারেক রহমান।
১৯৬৮ সালের ২০ নভেম্বর সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ঘরে জন্ম নেন জিয়া পরিবারের প্রথম সন্তান তারেক রহমান। পরিবারে তাঁর ডাক নাম পিনু; তারেক জিয়া নামেও তিনি পরিচিত।
কঠোর শৃঙ্খলাবোধ সম্পন্ন পিতার সন্তান তারেক রহমানের শৈশব কেটেছে এক সাধারণ ও সাদামাটা পরিবেশে। তাঁর পরিবারের মূলমন্ত্র ছিল অনাড়ম্বর জীবনযাপন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন তিনি। ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন — প্রথমে আইন বিভাগে, পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে।
মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারান তারেক রহমান। এরপর মায়ের আঁচলসঙ্গী। বাবার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়া যখন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন তরুণ তারেক রহমানও যুক্ত হন রাজনীতির মাঠে।
১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। পিতার জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপি সদস্য হন।
২০০১ সালের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করলেও চেয়ারপারসনের ছেলে হয়েও এবং তৃণমূল থেকে ব্যাপক সমর্থন পাওয়া সত্ত্বেও তারেক রহমান কোনো মন্ত্রিত্ব বা সংসদ সদস্যপদ গ্রহণ করেননি। ২০০২ সালে তিনি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব লাভ করেন।
২০০৭ সালের মার্চে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। প্রায় ১৮ মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর দীর্ঘ নির্বাসিত জীবন শুরু হয় তার।
২০০৯ সালের ৮ ডিসেম্বর দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
দেশের বাইরে থেকেও বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন তারেক রহমান।
২০১৮ সালে মা খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
২০২৪ সালের জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর দেশে ফেরার পথ তৈরি হয়। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর
স্ত্রী ও মেয়েকে নিয়ে দেশে ফেরেন তারেক রহমান।
তবে দেশে ফেরার মাত্র ৫ দিন পর ৩০ ডিসেম্বর মা বেগম খালেদা জিয়া চলে গেলেন না ফেরার দেশে। ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি ২১১টি আসনে জয়লাভ করে। প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন তারেক রহমান।
এভাবেই দীর্ঘ নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের রাজনৈতিক যাত্রা এসে পৌঁছায় রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে। যে দেশে ফেরার জন্য তাঁকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে, সেই দেশেরই প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।








