রাতের আঁধারে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিপাকে পরে একদল চোর। ট্রান্সফরমার চুরি করতে এসে কাদায় আটকে যায় চোরদের ব্যবহৃত প্রাইভেট কার। শুধু তা–ই নয়, গাড়িটি উদ্ধার করতে রিকভারি ট্রাক নিয়ে এলে সেই ট্রাকও কাদায় আটকে যায়।
পরে চুরির পরিকল্পনা ফাঁস হলে এক অভিযুক্তকে ধরে পুলিশে দেন গ্রামবাসীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের মোগা জেলায়। খবর এনডিটিভি।
তখতুপুরা গ্রামের কৃষক হরজিন্দর সিংয়ের জমিতে বসানো ট্রান্সফরমার খুলে গভীর রাতে ৩ চোর প্রাইভেট কার নিয়ে চুরি করার চেষ্টা করে। কিন্তু নরম ও কাদামাটিতে তাদের গাড়িটি আটকে যায়।
অনেক চেষ্টা করেও গাড়ি বের করতে না পেরে রাতের আঁধারে সেটি খেতে ফেলে রেখেই সটকে পড়ে চোরের দল।
তবে সেখানেই শেষ নয়। পরদিন সকালে গাড়িটি উদ্ধারের জন্য একটি রিকভারি ট্রাক নিয়ে ঘটনাস্থলে আসে তাঁরা। কিন্তু সেই ট্রাকটিও ধানখেতে কাদায় আটকে যায়।
এদিকে দুটি গাড়িকে এভাবে মাঠে আটকে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। সেখানে থাকা ব্যক্তিরা কেন এসেছেন, তা নিয়ে ভিন্ন ভিন্ন কথা বললে গ্রামবাসীরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ট্রান্সফরমার চুরির কথিত পরিকল্পনার বিষয়টি বেরিয়ে আসে।
গ্রামবাসীরা ঘটনাস্থলেই লাভপ্রীত সিং নামে এক চোরকে ধরে পুলিশের কাছে তুলে দেন। তিনি বারনালা জেলার আলকাদা গ্রামের বাসিন্দা।
এদিকে, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তারা হলেন লোভপ্রীত সিং, মোগার খোটে গ্রামের জসদীপ সিং এবং বাথিন্ডা জেলার গোয়েনানা এলাকার ওয়াকিল সিং।
ডিএসপি নিহাল সিং ওয়ালা আনোয়ার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের মধ্যে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গাড়ি ও উদ্ধারকারী ট্রাকও জব্দ করা হয়েছে। বাকি ২ অভিযুক্ত পলাতক রয়েছেন। তাদের খুঁজে বের করতে অভিযান চলছে।
এসএ