চাঁপাইনবাবগঞ্জে উজানের ঢলে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৪ হাজার ৩৫০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তবে তিন নদীর পানিই এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৩ সেন্টিমিটার, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি ৭ সেন্টিমিটার করে বেড়েছে।
পদ্মা নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার যথাক্রমে ১ দশমিক ০৫ মিটার ও ২ দশমিক ০২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলী ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, দুর্লভপুর ও উজিরপুর ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
কোথাও কোথাও রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে ফসলের খেত। এতে পানিবন্দি মানুষের দুর্ভোগ বেড়েছে।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মূসা জঙ্গী জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৪ হাজার ৩৫০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানান, নদীগুলোতে পানি বৃদ্ধির হার কমতে শুরু করেছে। বন্যার আশঙ্কা নেই। আগামী দুই দিন পর থেকে নদীগুলোর পানি কমতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।