শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
জাতীয়

চাঁদাবাজির মামলায় চার ছাত্রনেতা ৭ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চাঁদাবাজির মামলায় চার ছাত্রনেতা ৭ দিনের রিমান্ডে

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রবিবার (২৭ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অন্য সদস্যরা হলেন– সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন।

এদিন তাদের আদালত হাজির করা হয়। এরপর রিয়াদসহ চারজনের ১০ দিনের রিমান্ড ও আইনের সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলামকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান।

এ সময় রাষ্ট্রেপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী আক্তার হোসেন ভুইয়া রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের রিমান্ডের আদেশ দেন।

এর আগে রবিবার সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় চাঁদাবাজির মামলা করেন। এতে তিনি ছয়জনকে আসামি করেন। রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ও আইনের সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ জুলাই সকাল ১০টায় আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ, কাজী গৌরব অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মি আহম্মেদের বাসায় যান। সেখানে হুমকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণাংকার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা। এক পর্যায়ে মামলার বাদী সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও ভাইয়ের কাছে থেকে নিয়ে আরও পাঁচ লাখ টাকা প্রদান করেন।

এ ঘটনার পর গত ১৯ জুলাই রাত সাড়ে ১০টা দিকে আসামি রিয়াদ ও অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা মারেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে আসামিরা চলে যায়।

পরবর্তীতে ২৬ জুলাই বিকেল সাড়ে ৫টায় আসামি রিয়াদের নেতৃত্বে অপরাপর আসামিরা বাদীর বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন। বাসার দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান। তখন আসামিদের দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন বলে হুমকি দিতে থাকেন। পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ আসামিকে হাতেনাতে আটক করে।