দীপ্ত নিউজ
বাংলাদেশ

চলতি সপ্তাহের শেষে মিলবে টানা ৩ দিনের ছুটি, পাবেন না যারা

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
চলতি সপ্তাহের শেষে মিলবে টানা ৩ দিনের ছুটি, পাবেন না যারা
ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের শেষ দিকে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন দেশের সরকারি–বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক–শিক্ষার্থীরা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীরা এই ছুটির আওতায় থাকছেন না।

ছুটি সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর (শুক্রবার) থেকে ৮ নভেম্বর (রবিবার) পর্যন্ত টানা ৩ দিন বন্ধ থাকবে স্কুল–কলেজ। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটি থাকবে।

২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটি তালিকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি–৬ শাখা গত ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এর আগে থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত ছিল।

তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর (রবিবার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উদযাপিত হবে। এর সঙ্গে ৬ নভেম্বর(শুক্রবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিনের অবকাশ পাচ্ছেন স্কুল–কলেজের শিক্ষক–শিক্ষার্থীরা।

বাংলা পঞ্জিকা অনুযায়ী, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হবে শ্যামাপূজা।

সরকারি ও এমপিওভুক্ত স্কুল–কলেজের ছুটির তালিকায় এ উপলক্ষে ছুটি রাখা হয়েছে। ফলে সারা দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও একই ছুটির আওতায় থাকবে।

স্কুল–কলেজের শিক্ষক–শিক্ষার্থীরা টানা ৩ দিনের ছুটি পেলেও বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ক্ষেত্রে চিত্র ভিন্ন।

দেশের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকাশিত ছুটি তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ পাওয়া যায়নি। অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটি তালিকাতেও শ্যামাপূজা উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি।

 

শ্যামাপূজা কী? —

শ্যামাপূজা বা কালীপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ পূজা দেবী কালীর উদ্দেশে নিবেদিত। ভারতের পশ্চিমবঙ্গ, মিথিলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম ও ত্রিপুরাসহ বিভিন্ন অঞ্চলে শ্যামাপূজা প্রচলন রয়েছে। বাংলাদেশেও হিন্দু সম্প্রদায়ের মধ্যে এ উৎসব ব্যাপকভাবে পালিত হয়।

শ্যামাপূজার দিন একই সঙ্গে দীপাবলি উৎসবও উদযাপিত হয়। দীপাবলি দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা ও যক্ষরাত্রি নামেও পরিচিত।