শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
জাতীয়

খালেদা জিয়ার কফিনবাহী গাড়ির নিরাপত্তায় থাকবে ১০ হাজার পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খালেদা জিয়ার কফিনবাহী গাড়ির নিরাপত্তায় থাকবে ১০ হাজার পুলিশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। এ সময় মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় মাঠে ১০ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন ও আইনশৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রেস সচিব।

বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।

প্রেস সচিব বলেন, কাল সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার কফিন সংসদ ভবনে নেওয়া হবে। এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনে নেওয়া, জানাজা ও দাফনের প্রতিটি ধাপে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হবে। বেগম জিয়ার জানাজা ও দাফন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হবে।

তিনি জানান, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অংশ নেবেন। এ ছাড়া সরকারের অন্যান্য উপদেষ্টা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরাও জানাজায় উপস্থিত থাকবেন।

খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে সরকার ইতোমধ্যে আগামীকাল এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি তাঁর মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।