
কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয় গেছে। তারা হলেন, চকরিয়ার খুটাখালী এলাকার সাহাব উদ্দিন (৪৩) এবং বান্দরবানের লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)।
নিহত এক নারী ও অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
সেখান থেকে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








