মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর ষষ্ঠ দিনে শিরোপা ধরে রাখার মিশনে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৭ জুন) কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ডেজার্ট ফক্সদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি এরই মধ্যে তার সম্ভাব্য একাদশ চূড়ান্ত করেছেন। এই ম্যাচে শুরু থেকেই খেলবেন অধিনায়ক লিওনেল মেসি, তবে এখনও কয়েকটি পজিশন নিয়ে কোচের কিছু সংশয় রয়েছে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সবচেয়ে বড় খবর হলো, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ শুরুর একাদশে ফিরছেন। ক্লাবের হয়ে খেলার সময় ডান হাতের অনামিকা আঙুলে চিড় ধরায় তিনি সাম্প্রতিক প্রীতি ম্যাচ ও বেশিরভাগ অনুশীলনে অংশ নিতে পারেননি। তবে এখন পুরোপুরি সুস্থ হয়ে তিনি মাঠে নামার জন্য প্রস্তুত।

রাইটব্যাক পজিশনে লড়াই চলছে গনসালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনার মধ্যে। দুজনই সম্প্রতি পেশির চোট থেকে ফিরেছেন, তবে একাদশে জায়গা পাওয়ার দৌড়ে বর্তমানে মন্তিয়েল কিছুটা এগিয়ে আছেন। যদিও ম্যাচের কোনো এক পর্যায়ে দুজনকেই খেলানোর সম্ভাবনা রয়েছে।

রক্ষণভাগে চোট কাটিয়ে ফিরেছেন ক্রিস্টিয়ান রোমেরো। তার সঙ্গী হিসেবে লিসান্দ্রো মার্টিনেজকে খেলানোর কথা ভাবছেন স্কালোনি। ফলে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে এই ম্যাচটা বেঞ্চে বসে কাটাতে হতে পারে। গত কোপা আমেরিকায় ওতামেন্দিই ছিলেন প্রথম পছন্দ, তবে লিগামেন্টের চোটের কারণে তিনি ২০২৫ সালে বেশ অনিয়মিত ছিলেন।

এদিকে লেফটব্যাক হিসেবে প্রথম পছন্দ নিকোলাস তালিয়াফিকো হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে বাম পায়ের কাফ মাংসপেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন। তার পরিবর্তে ফাকুন্দো মেদিনাই সবচেয়ে সম্ভাব্য বিকল্প। যদিও প্রয়োজনে লিসান্দ্রো মার্টিনেজকেও ওই পজিশনে ব্যবহার করা হতে পারে। সে ক্ষেত্রে ওতামেন্দিকে সেন্টারব্যাকে নামতে হবে।

মিডফিল্ডে কোনো চমক থাকছে না। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টারই নিশ্চিতভাবে শুরু করবেন। তাদের সঙ্গে থাকবেন থিয়াগো আলমাদা, যিনি অবসর নেওয়া অ্যানহেল ডি মারিয়ার ভূমিকা পালন করবেন। আক্রমণাত্মক মিডফিল্ডার হলেও তাকে প্রয়োজনে নিচে নেমে রক্ষণে সহায়তা করতে হবে।

আক্রমণভাগে মেসির সঙ্গী হবেন লাউতারো মার্টিনেজ। সিরি আয় শিরোপাজয়ী মৌসুম শেষে তিনি দুর্দান্ত ফর্মে আছেন। অন্যদিকে গোড়ালির চোটের কারণে সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলো মিস করা হুলিয়ান আলভারেজও সুস্থ হয়ে ফিরেছেন। ম্যাচের পরিস্থিতি অনুকূলে থাকলে তাকে কিছু সময়ের জন্য মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ। সূত্র: সময় টিভি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More