রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

কবে বাজারে মিলবে সাতক্ষীরার আম, জেনে নিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সাতক্ষীরা জেলায় চলতি মৌসুমে আম পাড়ার সময়সূচি নির্ধারণ করে ক্যালেন্ডার ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সাতক্ষীরা জেলায় চলতি মৌসুমে আম পাড়ার সময়সূচি নির্ধারণ করে ক্যালেন্ডার ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রবিবার (২৬ এপ্রিল) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার এ ঘোষণা দেন।

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ৫ মে থেকে ২৬ মে পর্যন্ত গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী ও বোম্বাইসহ স্থানীয় জাতের আম পাড়া যাবে। ১৫ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে। ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ, সংরক্ষণ বা বাজারজাতের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি বিভাগের সহায়তায় এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে ৫ হাজার ৩৫০টি বাগানে প্রায় ১২ হাজার ৩০০ চাষি আমের চাষ করেছেন। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার মেট্রিক টন।

তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলার মাটি ও আবহাওয়ার কারণে এখানকার আম স্বাদে ও ঘ্রাণে অনন্য। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে আমের মুকুল আগেভাগে আসে এবং ফলও দ্রুত পাকে।

সভায় অন্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, আমচাষি মোখলেছুর রহমান, কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More