শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন

ভারতে ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি আশঙ্কার সুরে বলেছেন, বাংলাভাষী হওয়ার কারণে তাকেও হয়ত একদিন বাংলাদেশে পাঠিয়ে দেয়া হতে পারে। খবর, পিটিআই–এর।

শুক্রবার (২২ আগস্ট) কলকাতার সল্টলেকে এক আলোচনা সভায় অংশ নিয়ে অমর্ত্য সেন এ কথা বলেন। দেশটির বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের প্রতি বিরূপ আচরণ নিয়ে নিজের মন্তব্য তুলে ধরেন ৯১ বছর বয়সী এই অর্থনীতিবিদ।

এই নোবেল বিজয়ী বলেন, ‘আমি সংবাদপত্রে দেখলাম যে এক ব্যক্তিকে বাংলায় কথা বলার কারণে বাংলাদেশে পাঠানো হয়েছে। এটি আমাকে কিছুটা চিন্তিত করেছে।’ স্বভাবসুলভ রসবোধ থেকে তিনি আরও যোগ করেন, ‘আমি ঠিক করেছিলাম ফরাসি ভাষায় কথা বলব, কিন্তু সমস্যা হলো, আমি ফরাসি জানি না।’

অমর্ত্য সেন আরও বলেন, ‘আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, কারণ আমার পৈতৃক বাড়ি ঢাকায়। আর তাতে আমার খুব একটা আপত্তি নেই।’

পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে জন্মগ্রহণকারী এই অর্থনীতিবিদ এ সময় একদল স্নাতক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গেও মতবিনিময় করেন।

পরে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হয়রানি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, ‘বাংলার মানুষ বা বাংলাভাষী মানুষ পেশাগত বাধা ও অসম্মানের শিকার হচ্ছেন।’

তিনি ভারতীয় সভ্যতার বৈচিত্র্যের ওপর জোর দেন এবং বলেন্ বাংলা, পাঞ্জাবিসহ প্রতিটি সাংস্কৃতিক পরিচয়েরই নিজস্ব গুরুত্ব ও ঐতিহ্য রয়েছে, যা উদ্‌যাপন করা উচিত। তিনি বলেন, ‘আমি বলছি না যে বাঙালি সংস্কৃতি ও সভ্যতা সেরা, তবে আমাদের বাংলা ভাষা, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস তুলে ধরা উচিত। বাঙালি সংস্কৃতির প্রতি সম্মান থাকতে হবে। যদি না থাকে, তবে প্রতিবাদ করতে হবে।’