
আগামী ৬ মাসে খাদ্য সংকট তীব্র হতে পারে ১৬ দেশে

আগামী ছয় মাসে বিশ্বের ১৬টি দেশে ক্ষুধা পরিস্থিতি ও খাদ্য সংকট আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত সুদান ও ইয়েমেন‘সহ ৫টি দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রকাশিত ‘হাঙ্গার হটস্পটস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলমান সংঘাত, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির আকাশচুম্বী দাম এবং মানবিক সহায়তা কমে যাওয়াকে এই সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে সুদান, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া এবং উত্তর নাইজেরিয়া‘কে সর্বোচ্চ উদ্বেগের তালিকায় রাখা হয়েছে।
২০২২ সাল থেকে এই পাঁচটি দেশ বারবার এই তালিকায় স্থান পেয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধবিরতির পর ফিলিস্তিনি ভূখণ্ডকে তালিকার এক ধাপ কম ঝুঁকির স্তরে রাখা হয়েছে। তবে গাজার ৬৭ শতাংশ মানুষ এখনো তীব্র ক্ষুধা বা তার চেয়েও খারাপ পরিস্থিতির মুখে রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির এই উন্নতি এখনো নাজুক।
সুদানের উত্তর দারফুর ও দক্ষিণ কোরদোফানের ১৩টি এলাকায় আগামী জানুয়ারি পর্যন্ত দুর্ভিক্ষের ঝুঁকি থাকতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ জাতীয় মূল্যায়ন অনুযায়ী, দেশটির প্রায় ১ কোটি ৯৫ লাখ মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার ৪১ শতাংশ, সংকটাপন্ন বা তার চেয়ে ভয়াবহ পর্যায়ের খাদ্য সংকটে রয়েছে।
দক্ষিণ দারফুরের ইস্টার্ন জেবেল মাররা এলাকার দুটি বাস্তুচ্যুত শিবিরে তীব্র অপুষ্টির হার দুর্ভিক্ষের নির্ধারিত সীমা ছাড়িয়ে গেছে।
যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সুদানে এক বছরের ব্যবধানে জোয়ারের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ডিজেলের দামও আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে।
এর পাশাপাশি এল নিনোর প্রভাবে সৃষ্ট খরা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের পানির স্বাভাবিক উষ্ণতা বৃদ্ধির এই প্রাকৃতিক ঘটনা বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনে পরিবর্তন ঘটায়। এর প্রভাবে সুদানের প্রধান কৃষিপ্রধান রাজ্য সেনারে ৫৫ শতাংশ এবং গেদারেফে ৭০ শতাংশ পর্যন্ত কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা উপমহাপরিচালক বেথ বেকডল অ্যাসোসিয়েটেড বলেন, যুদ্ধের পাশাপাশি এল নিনো–সংশ্লিষ্ট খরা সুদানের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এতে সংঘাতের কারণে খাদ্য উৎপাদনে যে ক্ষতি হচ্ছে, তা আরও বাড়ছে।
এদিকে, ইয়েমেনের ক্ষেত্রে প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে নতুন করে শুরু হওয়া সংঘাত বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে পড়ায় দেশটির ক্ষুধা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
২০১৪ সাল থেকে ইয়েমেনে যুদ্ধ চলছে। ওই বছর ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয়। এর জবাবে পরের বছর সৌদি নেতৃত্বাধীন একটি জোট দেশটিতে হস্তক্ষেপ করে। সেই সংঘাত এখনও অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হলে ইয়েমেনে নতুন সংঘাত ছড়িয়ে পড়ে। বর্তমানে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও হুতির মধ্যে তীব্র লড়াই চলছে। এতে ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের বেশির ভাগই তাইজ, লাহিজ ও এডেন প্রদেশের বাসিন্দা।
সরকারি বাহিনী নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে ১৮ লাখ মানুষ এখন জরুরি পর্যায়ের খাদ্য সংকটে রয়েছেন, যা আগের বিশ্লেষণে ছিল ১৬ লাখ। তবে হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর সাম্প্রতিক কোনো মূল্যায়ন পাওয়া যায়নি। সংঘাত তীব্র হওয়ায় এসব এলাকায় ত্রাণ সংস্থাগুলোর প্রবেশও কঠিন হয়ে পড়েছে।
গত ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য করা সর্বশেষ দেশব্যাপী পূর্বাভাসে দেখা যায়, দেশটির ১ কোটি ৮৩ লাখ মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি, সংকটাপন্ন বা তার চেয়ে ভয়াবহ খাদ্যসংকটে রয়েছে।
বেথ বেকডল বলেন, ইয়েমেনের অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে প্রধান বাধা ভৌগোলিক নয়, বরং রাজনৈতিক।
তিনি উল্লেখ করেন,, জাতিসংঘের অন্যান্য সংস্থার কর্মীদেরও আটক করা হয়েছে। হুতিদের হাতে এখনও জাতিসংঘের ৭৩ জন কর্মী আটক রয়েছেন। তাদের মধ্যে ৮জন জাতিসংঘের মানবাধিকার দপ্তরের কর্মী।
ইয়েমেন খাদ্য ও জ্বালানির জন্য আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা দেশটির এই সরবরাহব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। বর্তমানে হরমুজ প্রণালি, লোহিত সাগর ও কৃষ্ণসাগরে জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে। উপসাগরীয় অঞ্চল থেকে সার সরবরাহও প্রায় বন্ধ রয়েছে।
প্রধান দাতা দেশগুলো অর্থায়ন কমিয়ে দেয়ায় মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সবচেয়ে বেশি উদ্বেগের তালিকায় থাকা পাঁচটি দেশে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে খাদ্য ও পুষ্টি সহায়তা প্রায় ৬২ শতাংশ কমেছে। ইয়েমেনে এই সহায়তা কমেছে ৭৯ শতাংশ।
বেথ বেকডল বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দাতা দেশগুলোর সরকারের নীতিগত পরিবর্তনের কারণে মানবিক ও উন্নয়ন সহায়তার তহবিল থেকে কয়েকশ’ কোটি ডলার কমে গেছে। ফলে সংস্থাগুলো আগের মতো বিপুলসংখ্যক মানুষের কাছে সহায়তা পৌঁছাতে পারছে না।
তিনি বলেন, সহায়তার পরিমাণের মতোই অর্থায়ন কখন পাওয়া যাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। কারণ, কৃষকদের জন্য সহায়তা বীজ বপন ও ফসল কাটার মৌসুমে পৌঁছানো জরুরি। এল নিনোর পূর্বাভাস হাতে থাকায় দুর্যোগ আঘাত হানার আগেই সংস্থাগুলোর বীজ মজুত করা এবং গবাদিপশু রক্ষায় ব্যবস্থা নেয়া উচিত। একের পর এক সংকট দেখা দেয়ার পর প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে আগাম প্রস্তুতি নেয়া প্রয়োজন।
বেথ বেকডল বলেন, সুযোগের সেই সময়সীমা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। আমরা এখন ক্ষয়ক্ষতি ও বিপর্যয়ের জন্য অর্থায়ন করছি।’








