
আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন

‘বিগত আওয়ামী লীগ সরকার রাতের বেলায় পণ্যের দাম বাড়িয়ে নিত, এখন প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই পথে হাঁটছেন’— বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ।
সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
২৯ দিনের ব্যবধানে দুই দফা এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গ্যাসের দাম বাড়িয়ে জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ মানুষকে ভোগান্তিতে ফেলার কাজ শুরু করেছে তারা। সরকার যেহেতু আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে, আমাদের এখন খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামা ছাড়া আর কোনো উপায় নেই।
তিনি বলেন, দ্রুততম সময়ে জ্বালানির মূল্য সমন্বয় করতে হবে।
তিনি আরও বলেন, চলমান পোশাকশিল্পের আন্দোলনে সরকারের গোয়েন্দা ব্যর্থতা রয়েছে। এর সুবিধা নিচ্ছে পতিত আওয়ামী লীগ।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এটা সরকার না, এটা সিন্ডিকেটের সরকার। কয়েকটা কোম্পানিকে সুবিধা দিতে এলপিজির দাম বাড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন– এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।








