অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে ঈদ হস্তশিল্প মেলা শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর কেরানীগঞ্জের বসিলায় অবস্থিত অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে (এডাব্লিউএফ) শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী ঈদ হস্তশিল্প মেলা। মঙ্গলবার (৪ মার্চ) মেলার উদ্বোধন করেন রানার গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান ও এডাব্লিউএফ–এর উপদেষ্টা হাফিজুর রহমান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রানার গ্রুপ অব কোম্পানিজের গ্রুপ ডিরেক্টর রুদাবা তাজিন। এসময় এডাব্লিউএফ–এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ডা. রওনাক হাফিজ, চেয়ারপারসন অধ্যাপক ডা. শারমিন ইয়াসমিন, ভাইস চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্থপতি আনিকা তাবাসসুম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সাবরিনা ইশরাত উপস্থিত ছিলেন।

মেলায় প্রায় ১৫০ জন অটিস্টিক শিশু–কিশোর তাদের নিজ হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প প্রদর্শন করছে। তাদের তৈরি চিত্রকর্ম, হস্তনির্মিত শোপিস, গয়না, জাতিগত পোশাক, ঈদ শুভেচ্ছা কার্ডসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী মেলায় স্থান পেয়েছে।

বক্তারা অটিস্টিক শিশুদের সৃজনশীলতা ও দক্ষতার প্রশংসা করে বলেন, ‘এই বিশেষ শিশুদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। সবাইকে এগিয়ে এসে তাদের প্রতিভাকে স্বীকৃতি দিতে হবে।‘

অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এডাব্লিউএফ) ২০০৪ সাল থেকে বিশেষ শিশুদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।

মেলাটি আগামী ১৮ মার্চ পর্যন্ত (শুক্র ও শনিবার ব্যতীত) প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এডাব্লিউএফ–এর স্থায়ী ক্যাম্পাসে চলবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More