শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

মিয়ানমারে পাচারকালে ৬০০০ লিটার ডিজেলসহ ১২ পাচারকারী আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মিয়ানমারে পাচারের সময় ৬০০০ লিটার ডিজেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

মিয়ানমারে পাচারের সময় ৬০০০ লিটার ডিজেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (৪ এপ্রিল) ভোরে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং ৮ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

শনিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৬টায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহভাজন বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া বোটটি থেকে ৬টি গ্যাস সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, এই বোটটি ব্যবহার করে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন মানুষকে মালয়েশিয়ায় পাচারের একটি বড় পরিকল্পনা ছিল। কোস্টগার্ডের গোয়েন্দা তৎপরতা ও দ্রুত অভিযানের ফলে মানবপাচারের এই বড় অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে।

জব্দকৃত মালামাল ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More