
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, চাকরি পেলেন ১,৭০২ জন

৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগ গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা–২০২২–এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে চাকরি করবেন।
২০২২ সালের নভেম্বরে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি এবং ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২০২৫ সালের ৮ জুলাই থেকে ধাপে ধাপে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। একই বছরের ২৬ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে ১ হাজার ৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। চূড়ান্ত সুপারিশের ১০ মাসের বেশি সময় পর নিয়োগ গেজেট প্রকাশ হলো।
এদিকে ৪৬তম ও ৪৭তম বিসিএসের প্রার্থীরাও নিয়োগ গেজেটের অপেক্ষায় রয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে ১ হাজার ৪৫৭ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হয়। অন্যদিকে, ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলে ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নন–ক্যাডার পদে ২০১ জনকে সুপারিশ করা হয়। তবে এখনো তাদের নিয়োগ গেজেট প্রকাশিত হয়নি।
বিসিএসের নিয়োগে দীর্ঘসূত্রতার নজির আগেও রয়েছে। ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ২৩১ দিন পর ২০২৪ সালের মার্চে নিয়োগ গেজেট প্রকাশিত হয়। ৪৩তম বিসিএসের ক্ষেত্রে চূড়ান্ত সুপারিশের প্রায় ২৯৪ দিন পর, ২০২৪ সালের অক্টোবরে প্রথম গেজেট প্রকাশ করা হয়। ৪০তম বিসিএসের ক্ষেত্রে এ সময় লেগেছিল ২১৬ দিন।
অন্যদিকে, চিকিৎসকদের জন্য ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর গেজেট প্রকাশে প্রায় ১৩৩ দিন সময় লাগে। শিক্ষকদের জন্য অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের নিয়োগ গেজেট প্রকাশিত হয় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর।





