গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। নতুন রোগীর সংখ্যা ১৩৩৭ শিশু।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪০০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৭৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪৭৫ জনের।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে রয়েছে ৩ জন করে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি দুজন করে মারা গেছে।
একইসময় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৬৪ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৭৩ জনের।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৪ জন সন্দেহজনক হাম রোগী ঢাকা বিভাগে শনাক্তে হয়েছে। তারপর চট্টগ্রামে ২৩০ ও বরিশালে ১৪৭ জন শনাক্ত হয়েছে। আর নিশ্চিত হাম শনাক্তের ক্ষেত্রেও সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৫৪ জন।