দীপ্ত নিউজ
রাজনীতি

২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন খালেদা জিয়া

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী শনিবার (২১ ডিসেম্বর) ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

২০১৭ সালের পর এই প্রথম কোনো সমাবেশে অংশ নিতে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আল্লাহ ম্যাডামকে শারীরিকভাবে সুস্থ রাখলে আগামী শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি যোগ দেবেন।

এদিকে, শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও মুক্তিযোদ্ধা দল সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় তারা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে বিএনপি চেয়ারপারসনকে অনুরোধ জানালে তিনি সম্মতি জানান।

পরে রাতে ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে জানান, ম্যাডাম বলেছেন, তিনি সুস্থ থাকলে ২১ ডিসেম্বর সমাবেশে অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ১২ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য রাখেন খালেদা জিয়া। আর ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি দুদকের মামলায় কারাগারে যাওয়ার আগে ৬ ফেব্রুয়ারি গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

আল