দীর্ঘ ১৭ বছর পর অবশেষে মুখে ভাত তুললেন কিশোরগঞ্জের এক প্রবীণ ব্যক্তি, যিনি ভোটাধিকার হরণের প্রতিবাদে এক অভিনব প্রতিজ্ঞা করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল–সমর্থক ইনু মিয়া নামের এই ব্যক্তি প্রতিজ্ঞা করেছিলেন। তার প্রিয় দল রাষ্ট্রীয় ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না।
জানা যায়, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের দিন বাংলাদেশ আওয়ামী লীগ–এর কর্মীদের হাতে লাঞ্ছিত হয়ে ভোট দিতে পারেননি তিনি। ওইদিন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার স্থানীয় পশ্চিম জগৎচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। গভীর ক্ষোভ ও অপমানে তিনি শপথ নেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত স্পর্শ করবেন না।
এরপর কেটে গেছে প্রায় দেড় যুগ। পরিবার–পরিজনের বহু অনুরোধ সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন ৮০ বছর বয়সী এই প্রবীণ। ভাত খাওয়া যেন তিনি ভুলেই গিয়েছিলেন।
অবশেষে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। প্রিয় দল বিএনপি ১৭ বছর পর ক্ষমতায় আসায় নিজের প্রতিজ্ঞা ভাঙেন ইনু মিয়া। তার ইচ্ছা ছিল এলাকার নেতা সংসদ সদস্য হলে তার হাত থেকেই প্রথম ভাত খাবেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সেই ইচ্ছা পূরণ হয়। স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম নিজে ইনু মিয়ার বাড়িতে গিয়ে তাকে হাতে তুলে ভাত খাইয়ে দেন। এভাবেই শেষ হয় তার ১৭ বছরের প্রতীকী প্রতিবাদ।
মশিউর নাদিম