পটুয়াখালী জেলার গলাচিপায় উপজেলায় সাপের কামড়ে জাকির হোসেন মৃধা (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যু জাকির মৃধা গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা এবং সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টার দিকে জাকির হোসেন তার স্ত্রীর সঙ্গে মাটির ঘরের খাটে বসে পা দুলিয়ে মুড়ি খাচ্ছিলেন। এ সময় একটি ছোট সাপ তাকে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর অ্যান্টিভেনাম না দিয়ে তাকে পটুয়াখালীতে রেফার করা হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম তানহা বলেন, রোগী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এসেছিলেন। শারীরিক অবস্থা বিবেচনায় সিনিয়র চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে অ্যান্টিভেনাম না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবা উদ্দিন জানান, রোগীর শ্বাসকষ্ট ও উচ্চ প্রেসার থাকায় সিনিয়র কনসালট্যান্টের পরামর্শে অ্যান্টিভেনাম না দিয়ে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে পাঠানো হয়।
তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে ৪০ ভায়াল অ্যান্টিভেনাম মজুত রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএ