বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্য শপথ নিয়েছেন। তারা হলেন, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এবং পিএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৬ আগস্ট পিএসসির চারজন নতুন সদস্য নিয়োগ দেন সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষ। আর আজ তাদের সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
এর আগে গত ৬ আগস্ট সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চারজন নতুন সদস্য নিয়োগ দেয়। নবনিযুক্ত সদস্যরা হলেন–মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।
নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা যোগদানের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া–যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নিয়োগের অন্যান্য শর্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে। নতুন চার সদস্য নিয়োগের ফলে বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন।